গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল সোমবার রাঙ্গামাটিতে ফলের ট্রাক খাদে পড়ে এক জন এবং কটিয়াদীতে মোটরসাইকেলের ধাক্কায় এক জন নিহত হয়েছে। গত রবিবার ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই দিন পাবনার ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক খাদে পড়ে তিন জন নিহত হয়েছে। এছাড়া রবিবার রাজশাহীর নিকলীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শিশু এবং ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক জন মারা গেছে। গতকাল মুন্সীগঞ্জে শাহসিমেন্ট ফ্যাক্টরিতে ট্রাকের ধাক্কায় মারা যান এক যুবক। এছাড়া অটো চাপায় মারা যায় এক শিশু। রবিবার সিরাজগঞ্জে নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, গতকাল সোমবার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় একটি ফলের ট্রাক পাহাড়ের খাদে পড়ে গেলে চালক সবুজ মিয়া (২৫) নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন দুজন। নিহত সবুজ মিয়া আপার রাঙ্গামাটি এলাকার আলী আকবরের ছেলে। আহত দুজন হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার ফকিরহাট এলাকার রতন দাশ এবং রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকার পিয়াস উদ্দিন।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, রবিবার রাতে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে কলাবোঝাই একটি ট্রাক খাদে পড়ে তিন জন নিহত ও সাত জন আহত হন। নিহতরা হলেন—লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের মৃত ফয়েজ প্রামাণিকের পুত্র জব্বার প্রামাণিক (৪৫), একই গ্রামের মৃত কাসেম শাহ প্রামাণিকের পুত্র মতিয়ার শাহ প্রামাণিক এবং জয়পুরহাটের শুকুর আলী (৫০)। আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে আইকে সড়কে এক মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে পড়েন। এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আহত ঐ ব্যক্তিকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় গতকাল সোমবার দুপুরে এই রিপোর্ট পাঠানোর আগ পর্যন্ত জানা যায়নি। থানার এসআই নাসির উদ্দিন জানান, নিহতের বয়স আনুমানিক ৪২-৪৫ বছর।
ময়মনসিংহ প্রতিনিধি ও ত্রিশাল সংবাদদাতা জানান, রবিবার রাত সোয়া ৯টার দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড-সংলগ্ন শান্তিনগর এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতদের নাম সুজন মিয়া (২৮) ও সুমন মিয়া (১৩)। সুজন মিয়া মৃত আবুল হোসেনের ছেলে এবং সুমন মিয়া সুরুজ আলীর ছেলে। দুজনেই নগরীর দুলদুল ক্যাম্প-সংলগ্ন মুক্তিযোদ্ধা পল্লির বাসিন্দা। তারা দুজনেই ভাঙারি ব্যবসা করতেন। কোতোয়ালি মডেল থানার এসআই আমিনুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।
একই দিন বিকালে ময়মনসিংহ নগরীর পাঁচমাইল এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জুবায়ের হোসেন বুলবুল (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত জুবায়ের হোসেন ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকার সামছুদ্দিনের ছেলে। তিনি জেলার ফুলপুর শাখা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
নিকলীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর হাওর থেকে ধানবোঝাই একটি ট্রলি রবিবার সন্ধ্যায় সিংপুর ইউনিয়নের নাগরপুর গ্রামে আসার পর সেটির চাকায় পিষ্ট হয়ে তারমিন (৬) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত তারমিন নাগরপুর গ্রামের উমর আলীর মেয়ে।
কটিয়াদীতে মোটরসাইকেলের
ধাক্কায় নিহত ১
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. হাবিবুর রহমান (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চারিয়াকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাবিবুর রহমান পৌরসভার চরিয়াকোনা মহল্লার মৃত আ. লতিফের পুত্র। তিনি কটিয়াদী বাজারে স্বর্ণের কারিগর ছিলেন।
মুন্সীগঞ্জে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরিতে
ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সোমবার ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুরে শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রাকের ধাক্কায় সজীব (২৫) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহত সজীব ভোলার দৌলতখান থানার জয়নগর গ্রামের নুর নবীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৪টার দিকে ঢাকার তেজগাঁও থেকে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রাকযোগে সিমেন্ট নিতে আসেন সজীব। ফ্যাক্টরির ভেতর সিমেন্ট লোড করার সময় সজীব দাঁড়িয়ে থাকা অবস্থায় শাহ সিমেন্টের একটি ট্রাক তাকে ধাক্কায় দিলে তিনি গুরুতর জখম হন। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে গতকাল সকালে অটো চাপায় মো. লাভলু শেখ (৮) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। লাভলু মো. সোহেল শেখের পুত্র।
শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, দোকানে যাওয়ার সময় রাস্তায় ব্যাটরিচালিত একটি ইজিবাইক লাভলুকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। চিকিত্সার জন্য ঢাকায় নেওয়ার পথে লাভলু মারা যায়।
নছিমন কেড়ে নিল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ
শাহজাদপুর ( সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী বাসস্ট্যান্ডের কাছে রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলীদহ গ্রামের কে এম ফরহাদের ছেলে মো. সুজন (৩০) ও ঝাউল গ্রামের কুদ্দুসের ছেলে মো. শামীম (৩০)।
