বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লকডাউনের সুযোগ নিয়ে নির্বিচারে দেশের আলেম-ওলামাদের গ্রেফতার করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ধর্মীয় নেতাদের এভাবে গ্রেফতার ও হয়রানি করা এদেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই সহ্য করবে না। কেউ মেনে নেবে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, যারা ধর্মীয় নেতা, সর্বজন শ্রদ্ধার পাত্র, তাদেরকে গ্রেফতার করে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে, হেয়প্রতিপন্ন করা হচ্ছে। আমরা তাই আহবান জানাব, অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করা হোক। যারা আলেম ওলামা তাদের মুক্তি দেওয়া হোক এবং বিএনপির যেসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি ও সকল মামলা তুলে নেওয়া হোক।
গতকাল সোমবার বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বারবার বলেছি, হেফাজতের সাথে আমাদেও কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। যোগসূত্র একটাই, সরকার কোনো বিরোধীতাকে সহ্য করবে না। তারা বলছে হেফাজত তান্ডব করছে। মূলত তান্ডবগুলো করছে সরকার। এটা সরকারের পরিকল্পিত। বিএনপি মহাসচিব বলেন, ইতিমধ্যে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৬ মার্চকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে তা সরকারের তৈরি করা অভিযোগ করে তিনি বলেন, আমি এর আগেও বলেছি, সরকার খুব পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো যেন ঘটে, সে ব্যবস্থা নিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন ২৬ মার্চ কয়েকটি ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিক্ষোভ করেছিল। আমরা দেখেছি বায়তুল মোকাররমে যে শান্তিপূর্ণ কর্মসূচি, সেটাকে অশান্ত করার জন্য পুলিশের সবচেয়ে বড় ভূমিকা ছিল। তারপর আওয়ামী লীগের দলীয় লোকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা করেছিল। তারা বারবার করে দোষ চাপাচ্ছে ধর্মীয় সংগঠনগুলোর ওপর এবং বলছে বিএনপি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলেছি, এখনো বলছি, ওই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
