ইত্তেফাক রিপোর্ট
গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধির আন্দোলনের পর এখন পর্যন্ত বিভিন্ন কারখানায় সাত হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছে বলে দাবি করেছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। এছাড়া গাজীপুর ও সাভার এলাকায় ৩০টির অধিক মামলায় সাড়ে তিন হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। গ্রেফতার হয়েছে শতাধিক শ্রমিক। গতকাল সোমবার আইবিসি থেকে এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ জানিয়ে মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই, গ্রেফতার এবং গণহারে মামলায় হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়েছে।
আইবিসি’র মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, গার্মেন্টস শিল্পের ঘোষিত নিম্নতম মজুরি কাঠামো নিয়ে গত ১০ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত পোশাক শিল্পে শ্রম অসন্তোষ দেখা দেয়। তা সমাধানে ত্রিপক্ষীয় কমিটির গত ১৩ জানুয়ারির সভায় সরকার এবং মালিকপক্ষ কোনো নিরপরাধ শ্রমিক চাকরি হারাবে না এবং মামলায় হয়রানি করা হবে না বলে অঙ্গীকার করে। কিন্তু এই অঙ্গীকার একটি প্রহসনে রূপ নিয়েছে।
