গল্প ও ছবি :সোমা দাশ
রুনু আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে। বন্ধু লীনাও তাই। পাহাড়ের কোল ঘেঁষে ওদের গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ঝিরিপথ। ঝরনার পানি বয়ে চলেছে এই ঝিরিপথ দিয়ে। সবুজাভ মায়াময় গ্রাম। প্রায়ই ওরা ঘুরে বেড়ায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে।
ঝকঝকে পরিষ্কার নীল আকাশ। ওরা ঝিরিপথের পাশ দিয়ে হাঁটছে। চারপাশে জঙ্গল। হাঁটতে হাঁটতে রুনু থমকে দাঁড়ায়, দ্যাখ দ্যাখ লীনা পিঁপড়ারা কেমন লাইন ধরে হাঁটছে। আর সবার মুখে কী যেন...
লীনা: বাবার কাছে শুনেছি, পিঁপড়েরা খুব পরিশ্রমী। জোটবদ্ধ হয়ে ওরা খাবার সংগ্রহ করে। শীতকালে একদম বের হয় না। গ্রীষ্মের শেষে আর শীতের শুরুতে ওরা খাবার সংগ্রহ করে, যাতে খাবারের কষ্ট পেতে না হয়।
রুনু: পিঁপড়েদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরাও যদি পরিশ্রমী হই তাহলে আমাদেরও খাবারের অভাব হবে না।
কথা বলতে বলতে ওরা এগুতে থাকে। কিছুদূর গিয়ে এক বটগাছের নিচে বসে পড়ে।
লীনা: কী যে শান্তি লাগছে।
রুনু: হ্যাঁ। খুব শান্তি। গাছ তো আমাদের বন্ধু। দাদু বলেছে, পৃথিবীতে গাছ না থাকলে আমাদের অস্তিত্বই থাকত না। গাছ বাতাসের মাধ্যমে যে অক্সিজেন ছাড়ছে সেটা আমরা গ্রহণ করছি। আবার শ্বাস-প্রশ্বাসের সঙ্গে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি গাছ সেটা গ্রহণ করছে। এভাবেই গাছ এবং মানুষ একে অপরের বেঁচে থাকার বন্ধু।
লীনা: তুই তো অনেক কিছু জানিস। চল আমরা বাড়ি গিয়ে দুজনে দুটো গাছ লাগাব।
রুনু: আমিও বেশ কিছু দিন ধরে ভাবছিলাম গাছ লাগাব। আচ্ছা কী গাছ লাগাব?
লীনা: একটু চিন্তা করে দেখি কী গাছ লাগানো যায়।
দুজনে বাড়ির পথে হাঁটতে শুরু করল। হঠাত্ লীনার চোখে পড়ল একটা পেয়ারাগাছ। পেয়ারা পেকে আছে।
লীনা: ঐ দ্যাখ রুনু পেয়ারা। চল পেড়ে খাই।
রুনু: হ্যাঁ হ্যাঁ চল।
দুজনে বেশ কয়েকটি পেয়ারা পেড়ে নিয়ে কোলের মধ্যে জামা ভাঁজ করে রাখল। পেয়ারায় কামড় বসাল দুজনেই। মজা করে খেতে লাগল।
রুনু জিগেস করল, বল তো লীনা পেয়ারাতে কী ভিটামিন আছে?
লীনা: কেন, ভিটামিন সি। এটা তো সবাই জানে।
রুনু: ভিটামিন সি আমাদের শরীরে কী কী কাজ করে সেটাও তো জানতে হবে।
লীনা: হ্যাঁ ঠিক বলেছিস।
রুনু: ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় পুষ্টি উপাদান। সর্দি-কাশি, ঠান্ডা জাতীয় অসুখের জন্য উপকারী। আমাদের ত্বক ভালো রাখার পাশাপাশি দাঁতও মজবুত রাখে। ভিটামিন সি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রক্ত চলাচল স্বাভাবিক রেখে চোখ ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন সিয়ের অভাবে স্কার্ভি রোগ হয়। স্কার্ভি রোগ হলে দাঁতের মাড়ি ফুলে যায়। অনেক সময় রক্তও বের হয়।
লীনা: আমাদের প্রতিদিনই ভিটামিন সিযুক্ত খাবার খাওয়া উচিত।
রুনু: হ্যাঁ। তাই তো খাচ্ছি।
দুজন দুজনার দিকে তাকিয়ে হেসে উঠল।
লীনা: রুনু চল পেয়ারাগাছ লাগাই। কেমন হবে?
রুনু: বেশ ভালো বুদ্ধি। কিন্তু গাছ পাব কোথায়?
লীনা: কেন নার্সারিতে। বাবাকে বললে এনে দেবে। দুটো গাছ আনতে বলব। একটা তুই লাগাবি আরেকটা আমি।
