‘ইউক্রেন সীমান্তে দেড় লাখ রুশ সেনা’

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:৩৬

ইউক্রেন সীমান্তে দেড় লাখেরও বেশি রুশ সেনা রয়েছে। সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল এ কথা বলেন। আলজাজিরা 

বোরেল বলেন, রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেন সীমান্তে এবং ইউক্রেন থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপে দেড় লাখের বেশি সেনা জড়ো করেছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বোরেল বলেন, ‘এ যাবত্কালের সবচেয়ে বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে ইউক্রেনের সীমান্তে। এই সংখ্যা দেড় লাখের বেশি হবে। নতুন করে সংঘাতের ঝুঁকির প্রমাণ এটি।’ বিশেষ একটি সূত্রের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান। তবে ঐ সূত্রের নাম তিনি প্রকাশ করেননি। ইউক্রেনের সীমান্তে সেনা জড়ো করলেও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বা কূটনীতিক বহিষ্কারের কোনো পরিকল্পনা আপাতত নেই বলেও জানান তিনি। তবে তিনি বিষয়টির জন্য তাদের গভীর উদ্বেগের কথা জানান। ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনাবাহিনী ও সাঁজোয়া যান, ট্যাংক, কামান জড়ো করার খবর সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেন, ‘কারোরই যুদ্ধে জড়ানোর পরিকল্পনা নেই।’ কিন্তু প্রচ্ছন্ন হুমকি তিনি ঠিকই দিয়েছেন। বলেছেন, ‘রাশিয়া সব সময়ই বলে আসছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষীদের ব্যাপারে তারা কখনোই উদাসীন থাকবে না।’  ২০১৪ সালে সরকারবিরোধী বিক্ষোভের মুখে রাশিয়াপন্থি সরকারের পতন হয়। এরপর ইউক্রেনের রুশভাষী পূর্বাঞ্চল দোনেত্স্ক আর দক্ষিণাঞ্চল লুহানস্ক অঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেন এবং সেখানে ‘পিপলস রিপাবলিকস’ নামে আলাদা শাসনব্যবস্থা চালু করেন।