বেরোবিতে ভর্তির সাক্ষাত্কার দিতে এসে আরো দুই ভুয়া শিক্ষার্থী আটক

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:৩২

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ১ম অপেক্ষমাণ তালিকার সাক্ষাত্কার গ্রহণের সময় আরো দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরা হলেন, রুপক দেবনাথ ও রকিব হাসান। গত রবিবার সকাল থেকে গতকাল বিকেল পর্যন্ত সাক্ষাত্কার চলাকালীন তাদের আটক করা হয়। এই দুইজনসহ মোট ১৫ জন শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অসাদুপায় অবলম্বনের দায়ে আটক হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, ১ম অপেক্ষমাণ তালিকার সাক্ষাত্কার নেওয়ার সময় বিজ্ঞান অনুষদে সাক্ষাত্কার দিতে আসে কিশোরগঞ্জ কটিয়াদির পশ্চিম চাতলের রুপক দেবনাথ। তার হাতের লেখার সঙ্গে পরীক্ষার খাতার কোনো মিল না থাকায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিল। তার সাক্ষাত্কার বাতিল করে তাকে পুলিশে সোপর্দ করা হয়। অপর পরীক্ষার্থী রকিব হাসান এফ ইউনিটে সাক্ষাত্কার দিতে আসলে তাকেও সন্দেহ করেন শিক্ষকরা। এরপরও অপরাধ স্বীকার না করায় তাকে থানা হেফাজতে পাঠানো হয়। কিন্তু বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবিতে ক্যামপাসে বিক্ষোভ করে ছাত্রলীগ। তাদের দাবির প্রেক্ষিতে গতকাল ওই শিক্ষার্থীর জন্য বিশেষ বোর্ড গঠন করে পুনরায় সাক্ষাত্কার নেওয়া হয়। এতে তার ছবি, হাতের লেখা ও কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।