জাটকা ধরা বন্ধ হোক

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:৫১

ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ছয় জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালীর ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। আইন অমান্যকারীরা কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। স্পষ্ট আইন ও আইন ভঙের শাস্তি ঘোষণা করা হলেও দিন দিন বেড়েই চলেছে জাটকা ইলিশ ধরার প্রতিযোগিতা। উল্লিখিত পাঁচ অভয়াশ্রম থেকে প্রতিদিনই ২-১ জন জাটকা নিধনকারী জেলের আটক হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে সবাইকে ধরা সম্ভব হচ্ছে না। অনেক জেলেই এখনো ধরাছোঁয়ার বাইরে। এদের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র।

ইলিশ বাংলাদেশের রপ্তানি আয়ের একটি বৃহত্তম উত্স। অসাধু ব্যক্তিদের জাটকা নিধন কার্যক্রমে রপ্তানি লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে পড়েছে। আইনের সঠিক প্রয়োগ না হলে অবস্থা আরো শোচনীয় হবে। আইন থাকা সত্ত্বেও জাটকা ধরায় জেলেরা কেন প্রতিযোগিতায় নেমেছেন, কারা তাঁদের প্ররোচিত করছেন তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা সরকার প্রদত্ত সহায়তা ঠিকভাবে পাচ্ছে কি না সেটাও নিশ্চিত করতে হবে।

আ. রহমান দেওয়ান, রামগঞ্জ, লক্ষ্মীপুর