টিকা নিলেও ভারতে যেতে পারবেন না মার্কিনিরা

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০০:২১

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে এবং ভয়াবহ রূপ নিয়েছে দেশটিতে। দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে মার্কিনিদের ভারতে না যাওয়ার পরামর্শ দিয়েছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। আমেরিকার এই সংস্থার জারি করা বিজ্ঞপ্তিতে ভারতের কোভিড পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ৮০ ভাগ দেশে মার্কিনিদের না যাওয়ার পরামর্শ দিয়েছে। খবর রয়টার্স ও আনন্দবাজার পত্রিকার

সিডিসির জারি করা বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ভারতের বর্তমান কোভিড পরিস্থিতি যে আকার নিয়েছে, তাতে টিকা নেওয়া পর্যটকেরও কোভিডে সংক্রমিত হওয়ার এবং সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। সেজন্যই পর্যটকদের এখন ভারতে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে। যদি ভারতে যেতেই হয়, তাহলে ভ্রমণের আগে টিকার ডোজ অবশ্যই নিতে হবে। প্রত্যেক পর্যটকের উচিত মাস্ক পরা, ছয় ফুট দূরত্ব বজায় রাখা, ভিড় এড়ানো এবং হাত ধোয়া।

আমেরিকা তার দেশের পর্যটকদের ভারতে না আসার পরামর্শ দিয়েছে। ব্রিটেন এক ধাপ এগিয়ে ভারতীয়দের ব্রিটেনে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিমধ্যেই বাতিল করেছেন ভারত সফর। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, কোনো ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না। যদিও ভারত থেকে কোনো ব্রিটিশ নাগরিক সে দেশে ফিরে গেলে তাকে এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে না।

বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ৩৪টি দেশকে ‘লেভেল-৪ : ডু নট ট্রাভেল’-এর তালিকাভুক্ত করেছিল। এর মধ্যে শাদ, কসোভো, কেনিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, হাইতি, মোজাম্বিক, রাশিয়া ও তানজানিয়া রয়েছে। নতুন করে এই তালিকায় আরো ১৩০টি দেশ অন্তর্ভুক্ত হতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কিছু কিছু দেশের ক্ষেত্রে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কথা নতুনভাবে বিবেচনায় না নিয়ে বরং বিদ্যমান মহামারি নিয়ে সিডিসির মূল্যায়নের ওপর ভিত্তি করে এটি করা হয়েছে।