বিপিএলের ঢাকা ও সিলেট পর্ব মিলিয়ে সেঞ্চুরি ছিল মাত্র একটি। সেঞ্চুরির এই হাহাকার মিটল চট্টগ্রামে এসে। গত দুই দিনে চারটি সেঞ্চুরি দেখল বিপিএল। গতকাল দিনের প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন এভিড লুইস; জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন বিশ্বের ভয়ঙ্করতম ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তার সেঞ্চুরিতে ভর করে তারকাখচিত ঢাকা ডায়নামাইটসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো রংপুর রাইডার্স।
আগে ব্যাট করা ঢাকা ৬ উইকেটে তুলেছিল ১৮৬ রান। হজরতউল্লাহ জাজাই ও সুনীল নারিন মোটামুটি শুরু এনে দেন ঢাকাকে। এরপর ঢাকার ইনিংসকে টেনে নিয়ে যান মূলত রনি তালুকতার। তিনি ৩২ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন। আর শেষ দিকে রানটাকে বড় করেন এসে কাইরন পোলার্ড। তিনি ২৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৭ রান করে অপরাজিত থাকেন।
১৮৭ একেবারে ছোট লক্ষ্য নয়। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ রানেই ২ উইকেট হারিয়ে বসে রংপুর। ফিরে আসেন দুনিয়া কাঁপানো ওপেনার ক্রিস গেইল ও এবার বিপিএলের সেরা তারকা রিলি রুশো। আর এখান থেকেই ম্যাচ জেতানোর দায়টা নিজেদের কাঁধে তুলে নেন আগের দিন সেঞ্চুরি করা অ্যালেক্স হেলস ও সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্স ও হেলস ১৮৪ রানের অপরাজিত জুটি করেন। এই জুটিটি টি-টোয়েন্টি ক্রিকেটেরই রেকর্ড বইতে ঢুকে গেছে। হেলস ৫৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৮৫ রান করে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে ডি ভিলিয়ার্স ঠিক ৫০ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন। ১০ বল আগে জয় পায় রংপুর।
