পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:৩৫

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এবং মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যানচালক আমিরুল ইসলাম (৩২) ও ট্রাকচালক শাহিন আলম (৩৫)। বুধবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের শিবপুর বাজারে পাবনা থেকে নাটোরগামী ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক আমিরুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই মারা যান। এর আগে মঙ্গলবার রাতে বনপাড়া ফায়ার সার্ভিসের সামনে নাটোর থেকে ঢাকাগামী ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক শাহিন ইসলাম (৩২) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। বনাপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বলেন, দুটি ট্রাকই জব্দ করা হয়েছে। এসব দুর্ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্বধলা (নেত্রকোনা) : পূর্বধলায় বুধবার সকালে দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফাইজাত আক্তার তোবা (৫)। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষভেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তোবা উপজেলার মহিষভেড় গ্রামের ইউনূছ আলীর মেয়ে। পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে মঙ্গলবার রাতে ট্রাক্টর-মাইক্রোবাস সংঘর্ষে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রবিউল ইসলাম (৫০)। দুঘটনায় আরো পাঁচ জন ধানাকাটা শ্রমিককে গুরুতর আহত অবস্থায় জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতীতে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রহুল আমিন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মো. আবদুল আজিজের ছেলে। ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।