সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় সদর উপজেলার শিবনগরে এ ঘটনা ঘটে। ঘের মালিক সদর উপজেলার শিবনগর গ্রামের রাকিব হাসান রনি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বুধবার সকালে ঘেরে গিয়ে দেখেন, তার ঘেরের রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরো জানান, গত ১০ দিন আগে তার মাছের ঘের থেকে একটি মোটর চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি বুরহান উদ্দীন জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
