শাটডাউনে যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩শ’ কোটি ডলার

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০০:৩৫

৩৫ দিনের শাটডাউনে যুক্তরাষ্ট্র ৩০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে বলে কংগ্রেসের গবেষকরা জানিয়েছেন। কংগ্রেসের দলনিরপেক্ষ বাজেট কর্তৃপক্ষ (সিবিও) গতকাল জানিয়েছে, মার্কিন অর্থনীতি মোটামুটি ১১শ’ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে। তবে সরকার পুনরায় চালু হওয়ায় ৮শ’ কোটি ডলার ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। গত শুক্রবার সরকারের অচলাবস্থা কাটে। এর আগের দিন ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে পুনরায় সরকার চালুর নির্দেশ দেন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানে অর্থ বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে গত ২২ ডিসেম্বর থেকে শাটডাউন চলে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার আইনপ্রনেতাদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে বলেছেন, তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারকে বরখাস্ত করবেন না। আর এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার সঙ্গে কোনো আলোচনাও করেননি। - রয়টার্স