বড় সংগ্রহের পথে বাংলাদেশ

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:১৫

শান্তর সেঞ্চুরি, তামিমের আক্ষেপ

 স্পোর্টস রিপোর্টার

টানা হারে বিপর্যস্ত দল। সমালোচনার তীর ছুটে আসছে নানা দিক থেকে। করোনার বাস্তবতায় প্রস্তুতির স্বল্পতা ছিল, দলটাও পূর্ণ শক্তির নয়। এত সব প্রতিকূলতাকে উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা সফরে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ দল। গতকাল ক্যান্ডিতে টেস্ট ক্রিকেটে অনিন্দ্য সুন্দর এক দিন কাটিয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে দিনভর দাপট দেখিয়েছে বাংলাদেশ। অসাধারণ ব্যাটিং শৈলীতে শ্রীলঙ্কার বোলারদের কর্মক্লান্ত দিন উপহার দিয়েছেন ব্যাটসম্যানরা।

নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি, মুমিনুল হক ও তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে ম্যাচের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। গতকাল ক্যান্ডিতে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০২ রান। শান্ত ১২৬ ও মুমিনুল ৬৪ রানে অপরাজিত আছেন। আজ ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথেই হাঁটবে বাংলাদেশ।

পাল্লেকেলে স্টেডিয়ামের সবুজ উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল। সবুজের আড়ালে লুকিয়ে ছিল রান প্রসবা উইকেট। যার পূর্ণ ব্যবহারই করেছে বাংলাদেশ। কাটিয়েছে স্বপ্নময় দিন।

যদিও ইনিংসের দ্বিতীয় ওভারে সাইফ হাসানকে (০) হারিয়ে বসেছিল বাংলাদেশ। তবে অপর প্রান্তে তামিমের স্বাবলীল ব্যাটিংয়ে লঙ্কানরা চেপে ধরতে পারেনি। শুরু থেকেই বাহারি শটসে লঙ্কান বোলারদের এলোমেলো করে দেন এ অভিজ্ঞ ওপেনার। ৫৩ বলে ২৯তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। উইকেটে এসে শুরুটা কম্পমান হলেও ধীরে ধীরে থিতু হন শান্ত। তারপর দিনভর অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। লাঞ্চের আগে ব্যক্তিগত ২৮ রানে ধনাঞ্জয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বেঁচে যান শান্ত।

তামিম নির্বিঘ্নেই সেঞ্চুরির পথে হাঁটছিলেন। কিন্তু লাঞ্চের পর হুট করেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। যে শট খেলে আউট হয়েছেন, তাতে তামিম নিজেই হতাশ হয়েছেন। ১০১ বলে ১৫টি চারে ৯০ রান করেন তিনি। ১৪৪ রানে থামে তামিম-শান্তর জুটি।

গোটা দিনে শ্রীলঙ্কার সাফল্য এটুকুই। তৃতীয় উইকেটে শান্ত-মুমিনুল দলের হাল ধরেন। দিনের বাকি সময়ে তারা আর বিপদ হতে দেননি। ঝুঁকিহীন ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে গেছেন দলের রানের চাকা। চা বিরতির আগেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত।

দিনের শেষ সেশনে ২৩৫ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন এ বাঁহাতি ব্যাটসম্যান। অপরাজিত ১২৬ রানের ইনিংসে ১৪টি চার ও একটি ছয় মেরেছেন শান্ত। তাকে ভালো সঙ্গ দিয়ে গেছেন মুমিনুল। ১১৭ বলে ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। দিন শেষে ১৫০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা। যা দেশের বাইরে তৃতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি।

ক্যান্ডিতে আজ ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে রান পাহাড়ে চড়ার সুযোগ বাংলাদেশের সামনে। লক্ষ্য পূরণে শান্ত-মুমিনুল ও বাকি ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। ব্যাটসম্যানরা ধারাবাহিকতা ধরে রাখলে বড় সংগ্রহই পাবে বাংলাদেশ। 

স্কোর কার্ড

টস: বাংলাদেশ

প্রথম টেস্ট প্রথম দিন

বাংলাদেশ প্রথম ইনিংস :          রান     বল      চার     ছয়

তামিম ক থিরিমান্নে ব ফার্নান্দো            ৯০      ১০১   ১৫   ০

সাইফ এলবিডব্লু ব ফার্নান্দো     ০        ৬         ০       ০    

শান্ত অপরাজিত                      ১২৬    ২৮৮    ১৪     ১

মুমিনুল হক অপরাজিত             ৬৪      ১৫০    ৬       ০

অতিরিক্ত (বা ৪, লে বা ৬, নো ৫, ও ৭)           ২২

মোট (৯০ ওভার, ২ উইকেট)     ৩০২

উইকেট পতন: ১/৮ (সাইফ), ২/১৫২ (তামিম)।

 

শ্রীলঙ্কা বোলিং :

সুরাঙ্গা লাকমল : ১৮-৭-৫৫-০, বিশ্ব ফার্নান্দো : ১৭-১-৬১-২, লাহিরু কুমারা : ১৯-২-৬৩-০, অ্যাঞ্জেলো ম্যাথুস : ৫-১-৮-০, ধনাঞ্জয়া ডি সিলভা : ১৬-১-৭১-০, হাসারাঙ্গা ডি সিলভা : ১৫-১-৩৪-০।