‘বুলা ওসমান বেঁচে থাকবেন তার কর্মে’

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:৩৩

ইত্তেফাক রিপোর্ট

বুলা ওসমান দেশের সকল প্রকার প্রগতিশীল আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থেকে কাজ করেছেন বলে মন্তব্য করেন সহকর্মী, মানবাধিকার কর্মী ও নারীনেত্রীরা। তিনি বেঁচে থাকবেন তার কর্মে। গতকাল বুধবার প্রয়াত নেত্রী বুলা ওসমান-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনলাইনে আয়োজিত এক স্মরণসভায়  বক্তারা এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। প্রয়াত নারী নেত্রীর উদ্দেশ্যে স্মৃতিচারণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক  মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, রোকেয়া সদন সম্পাদক নাসরিন মনসুর, লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক অ্যাডভোকেট মাখছুদা আখতার লাইলী এবং প্রয়াত বুলা ওসমানের পুত্র এশরার ওসমান সুমিত।সভার শুরুতে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগীত পরিবেশন করেন  শিল্পী বুলবুল ইসলাম। আবৃত্তি করেন লায়লা আফরোজ। এ ছাড়াও সভায় সংগীত পরিবেশন করেন শিল্পী এবং সংগঠনের সুহূদ শারমিন সাথী ইসলাম এবং  শিল্পী ডা. সুস্মিতা আহমেদ। বুলা ওসমানের জীবনী পাঠ করেন সংগঠনের নির্বাহী কর্মকর্তা রুনু দাশ।

বক্তারা  বলেন, বুলা ওসমান ছিলেন অসাম্প্রদায়িক, প্রগতিশীল চেতনার একজন ভালোবাসাপূর্ণ স্নেহশীল মানুষ। মহিলা পরিষদের জন্য তিনি এক অমূল্য সম্পদ ছিলেন। তিনি রেখে যাওয়া সুদীর্ঘ কর্মের মাধ্যমে সকলের মাঝে বেঁচে থাকবেন। সংগঠন তার অবদানকে সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। স্মরণসভা আয়োজনের জন্য এশরার ওসমান সুমিত সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।  উল্লেখ্য, মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী বুলা ওসমান গত ১৭ জানুয়ারি ৭০ বছর বয়সে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।