খালেদা জিয়ার সঙ্গে বাবুনগরীর বৈঠকের তথ্য মিথ্যাচার -----------হেফাজতে ইসলাম

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:৫৩

গণমাধ্যমে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামের জবানবন্দিকে উদ্ধৃত করে ২০১৩ সালের ৫ মে সংগঠনের ঢাকা অবরোধ কর্মসূচি পালনের এক সপ্তাহ আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আল্লামা জুনায়েদ বাবুনগরীর  গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদকে এবং মুফতি ফখরুলের জবানবন্দিকে মিথ্যাচার দাবি করেছে হেফাজত ইসলাম। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ) বলেন, হেফাজতের শীর্ষ নেতৃত্বকে কলঙ্কিত করতে মুফতি ফখরুল ইসলামের কাছ থেকে পুলিশ মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে। এই স্বীকারোক্তি একজন সর্বজনশ্রদ্ধেয় শীর্ষ আলেমের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এ যাবত্ কোনো বৈঠক তো দূরের কথা, আল্লামা বাবুনগরী সামনা-সামনি বেগম খালেদা জিয়াকে কখনোই দেখেননি। মুঈনুদ্দীন রুহি ও ফখরুল ইসলাম এ বিষয়ে সুস্পষ্ট মিথ্যাচার করেছেন। এই মিথ্যা দাবির সপক্ষে তাদের কেউই কখনো কোনো প্রমাণ হাজির করতে পারবে না।