‘হাটহাজারী মাদ্রাসা ষড়যন্ত্রের শিকার’

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০০:২১

চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেছেন মাদ্রাসা পরিচালনা পরিষদের (মজলিসে এদারি) প্রধান আল্লামা মুফতি আব্দুচ্ছালাম চাটগামী। গতকাল বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দারুল উলুম হাটহাজারী মাদরাসা প্রতিষ্ঠার ১২০ বছর পর কিছু আদর্শচ্যুত ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারী দেশের ভিতরে এবং দেশের বাইরে উম্মুল মাদারিসের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার খবর পাওয়া যাচ্ছে। উম্মুল মাদারিসের সকল ফারেগীন, অত্র অঞ্চলের ইমাম-খতীব এবং সর্বস্তরের তাওহিদী জনতার কাছে আমাদের বিশেষ আহ্বান থাকবে, যখনই আপনারা শুনবেন আপনাদের প্রিয় এই উম্মুল মাদারিস দুষ্কৃতকারীদের কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই আপনারা স্ব স্ব অবস্থান থেকে উম্মুল মাদারিসের সহযোগিতায় তাত্ক্ষণিকভাবে এগিয়ে আসবেন। দুষ্কৃতকারীদের প্রতিও আমাদের সুস্পষ্ট সতর্কবার্তা, ষড়যন্ত্র বন্ধ করুন। অন্যথায় আল্লাহর ইচ্ছায় ঘৃণিত ও লাঞ্ছিত হয়ে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

বিবৃতিতে রমজানের ছুটির পর দেশের সব নাজেরা, হেফজখানা এবং কওমি মাদ্রাসাসমূহ খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের হাজার হাজার হেফজখানা কুরআন তিলাওয়াত শুরু হলে এবং কওমি মাদরাসাসমূহে কুরআন-হাদীস ও ইলমের চর্চা শুরু হলে এর বরকতে দেশের ওপর থেকে সকল বলামুসিবত দূর হবে, রহমত ও বরকত নাযিল হবে। লকডাউনের কারণে হাটহাজারী মাদ্রাসার জামিয়ার গোরাবা ফান্ডের অর্থ সংগ্রহ প্রতিবন্ধকতার মুখে পড়েছে উল্লেখ করে এই ব্যয় নির্বাহে সহযোগিতা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।