বান্ধবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে যুবকের টুইট, জবাব দিলো পুলিশ!

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৯:৩৪

ভারতের মুম্বাইতে মহামারি করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের ফলে কঠোর বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাহিরে বের হতে পারছেন না। আবার যারা বের হচ্ছেন তাদেরকে পুলিশের কাছ থেকে যথাযোগ্য কারণ দেখিয়ে মুভমেন্ট পাস নিতে হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই গার্লফ্রেন্ডের সাথে দেখা করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আর্জি জানিয়ে টুইট করেছেন এক যুবক।

মুম্বাই পুলিশকে ট্যাগ করা টুইটটিতে অশ্বিন বিনোদ নামের ওই যুবক লিখেছেন, ‘আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার জন্য কী নথি ব্যবহার করবো? তাকে ভীষণ মিস করছি।’

 

We understand it’s essential for you sir but unfortunately it doesn’t fall under our essentials or emergency categories!

Distance makes the heart grow fonder & currently, you healthier

P.S. We wish you lifetime together. This is just a phase. #StayHomeStaySafe https://t.co/5221kRAmHp

— Mumbai Police (@MumbaiPolice) April 22, 2021

 

জবাবে রি-টুইট করে মুম্বাই পুলিশ জানায়, ‘আমরা আপনার প্রয়োজনীয়তা বুঝতে পারছি। কিন্তু দুর্ভাগ্যবশত এটি আমাদের জরুরি পরিষেবার কোনো ক্যাটাগরির মধ্যে পরে না। দূরত্বের ফলে হৃদয়ের টান বাড়লেও এই মুহূর্তে আপনাকে সুস্থ থাকতে হবে।’

শেষে বিশেষ নোট লিখে জানায়, ‘আপনারা যেন সারাজীবন একসঙ্গে থাকতে পারেন সে জন্য আমরা প্রার্থনা করছি। এখনকার সময়টা কেবল সাময়িক পর্যায় মাত্র।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা। অনেকে এটি নিয়ে বিভিন্ন মজাদার ট্রল বানালেও কেউ কেউ মুম্বাই পুলিশের সমালোচনা করছেন। তাদের ভাষ্য হচ্ছে, পুলিশের এ ধরনের টুইটের জবাব না দিয়ে মহামারির সংক্রমণ মোকাবিলায় আরো মনোযোগ দেওয়া জরুরি।

ইত্তেফাক/টিএ