ফুলবাড়ীয়ায় সড়কের সরকারি গাছ কাটায় থানায় অভিযোগ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০৯:৪২

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ ভায়া বাবুগঞ্জ সড়কের ৫৪টি আকাশমণি গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন নাওগাঁও ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা।

 

গত শনিবার রাতে অভিযোগটি দায়ের করার পর থেকে বিষয়টি ধামাচাপা দিতে শামছুল হকসহ স্থানীয় একটি প্রভাবশালীমহল বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

 

অভিযোগ থেকে জানা যায়, কেশরগঞ্জ বাজার হতে বাবুগঞ্জ বাজার দিকের রাস্তটি এস এ ১০৬৬ নং দাগ হতে আর এস ৩৯৬৮ নং দাগের খাস খতিয়ানের জমিতে থাকা ৫৪টি আকাশমণি গাছ কাটা হয়। সড়কের গাছগুলি নিপেন্দ্র মৈত্রের কাছ থেকে ক্রয় করেছেন নাওগাঁও ইউনিয়ের সাবেক মেম্বার শামছুল হক (শাম্পে)। শ্রমিক নিয়ে সড়কের ৫৪টি আকাশ মণি গাছই করাত দিয়ে কেটে  বেশির ভাগ গাছ সরিয়ে ফেলে, কিছু গাছ জব্দ করা হয়।

 

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শফিকুজ্জামান আকন্দ বলেন, বাবুগঞ্জ সড়কের গাছ কাটার ঘটনায় এসি (সহকারী কমিশনার ভূমি) স্যারের নির্দেশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি এবং থানায় অভিযোগ দায়ের করেছি।

 

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন, সড়কের গাছ কাটার ঘটনায় সহকারী ভূমি কর্মকর্তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/এএম