টিএইচই ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে ইউল্যাব

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৮:১৪

টাইমস হাইয়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২১-এর তালিকায় স্থান পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউল্যাব বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। পাশাপাশি এসডিজি ১৭ ক্যাটাগরিতে বিশ্বের ১১১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউল্যাব ১৫৬তম স্থান অধিকার করেছে। 

মর্যাদাপূর্ণ এই বৈশ্বিক র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্তির জন্য, টাইমস হাইয়ার এডুকেশন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনা, গবেষণা, প্রচার ও স্টুয়ার্ডশিপ এ (অনুষদ, কর্মী এবং প্রাক্তন শিক্ষার্থী) সামর্থ্য ও কর্মক্ষমতা মূল্যায়ন করে এবং সেই সাথে তারা  জাতিসংঘের ১৭টি উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর জন্যও বিশ্ববিদ্যালয়সমূহকে আরও নিবিড়ভাবে মূল্যায়ন করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউল্যাব এবছর প্রথমবারের মতো এই র‍্যাংকিংয়ে অংশগ্রহণ করে। পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধায়ন করেছেন ইউল্যাবের কোয়ালিটি এসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো। এসডিজি ১৭-এর পাশাপাশিন এসডিজি ১ (কোনও দারিদ্রতা নয়), এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও সুস্থতা), এসডিজি ৪ (মান সম্মত শিক্ষা), এসডিজি ৫ (লিঙ্গ সমতা) এবং এসডিজি ১১ (টেকসই শহর ও সামাজিক উন্নয়ন) সুচকেও ইউল্যাব স্থান পেয়েছে। এছাড়াও ইউল্যাব এসডিজি ১১ তে বিশ্বের প্রথম ২০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছে। 

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা  বলেন “এই র‍্যাংকিং প্রক্রিয়ায় অংশ নেয়া আমাদের জন্য একটি শিক্ষনীয় ধাপ। আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা কীভাবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তা দেখার জন্য আমাদের নীতিমালা, পাঠ্যক্রম ও গবেষণাকে একত্রিত করতে হয়েছিল। আর এই পরিবর্তন আমরা করেছি জাতিসংঘের এসডিজির প্রতি আমাদের সচেতনতাবোধ প্রদর্শন করে সমাজিক পরিবর্তন আনার লক্ষে”।

বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর সাস্টেইনবল ডেভেলপমেন্টের পরিচালক ড. সামিয়া সেলিম বলেন “এই অর্জন প্রমাণ করে ইউল্যাব অংশীদার এবং সহকর্মীদের সাথে এসডিজিতে কাজ করতে কতটা সক্ষম হয়েছে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত ইউল্যাবের সেন্টার ফর সাস্টেইনবল ডেভেলপমেন্ট সক্রিয়ভাবে পাঠ্যক্রম, ক্যাম্পাস এবং সমাজের জন্য কাজ করে চলেছে। এই কার্যক্রম সফল করা সম্ভব হয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টে শিক্ষার্থীদের পাঠ্যক্রম, গ্রীনিং ইউল্যাব প্রোগ্রাম এবং বাংলাদেশে এসডিজি গোলের লক্ষ্য অর্জনের জন্য বিবিধ গবেষণার মাধ্যমে।

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ের ফলাফল সকলের কাছে সমাদৃত। বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করা ইউল্যাবের জন্য অসামান্য কৃতিত্ব বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/এসএইচ