সূচক বাড়ছে

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪০

সাজ্জাদ হোসেন

 

ধাই ধাই করে সূচক বাড়ছে।

উপর্যুপরি চাঙ্গা হচ্ছে শিমুল কাঠ,

বাঁশ, চাটাই, কোদাল আর সাদা

মার্কিনের শেয়ারবাজার।

 

ধাই ধাই করে সূচক বাড়ছে।

অঢেল জৈবসারে প্রতিদিন উর্বরা

হচ্ছে রায়েরবাজার, আজিমপুর,

বাসাবো, বনানী অথবা মিরপুরের

সারি সারি জমি।

 

ধাই ধাই করে সূচক বাড়ছে।

ধর্মরাজের পাগলা ঘোড়ায় সওয়ার

আজ ভয়াল কদম ফুল।

অণুজীবের অনুপ্রবেশে আপনার

রূপ পালটাচ্ছেন জীবশ্রেষ্ঠ বংশের

সদস্যগণ—ছেলে, বুড়া, জোয়ান।

 

ধাই ধাই করে সূচক বাড়ছে।

আজ সত্তর, কাল আশি, পরশু

পঁচানব্বই, তরশু একশ।

সূচক বাড়ছে, সূচক বাড়ছে।