মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জ উপজেলায় ডায়রিয়া রোগীর ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত আছে। গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৬ জন রোগী। বৃহস্পতিবার নারী-পুরুষ ও শিশুসহ এক দিনেই ভর্তি হন ৮৮ জন। এর মধ্যে সকালে খুশি বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। খুশি বেগম উপজেলার মীর্জাগঞ্জ ইউনিয়নের মীর্জাগঞ্জ গ্রামের আ. জব্বারের স্ত্রী। মীর্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রতিদিন ডায়ারিয়ায় আক্রান্ত প্রচুর রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। বৃহস্পতিবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী খুশি বেগম নামের এক নারী এই প্রথম হাসপাতালে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে প্রায় আড়াই হাজার ব্যাগ আইভি স্যালাইন মজুত রয়েছে। স্যালাইন সংকট না থাকলেও রোগীর চাপ বাড়ার কারণে শয্যা সংকট থাকায় রোগীদের মেঝেতে বা করিডোরে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ অবস্থায় রোগীদের যেমন সমস্যা হচ্ছে তেমনি চিকিত্সা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিত্সক ও নার্সদের।
