কর্মসংস্থানসহায়ক প্রকল্পে ২ হাজার ১২৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:১৩

ইত্তেফাক রিপোর্ট

কর্মসংস্থানসহায়ক প্রকল্পে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ১২৫ কোটি টাকা। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার এক চুক্তি স্বাক্ষর হয়েছে। থার্ড প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যবহার করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক উল্লেখ করেছে, তৃতীয় ধাপে বাস্তবায়ন হতে যাওয়া এই প্রকল্পের মাধ্যমে উন্নত কর্মসংস্থান তৈরি হবে, কোভিড-১৯ অতিমারির প্রভাব কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিশ্বব্যাংক জানিয়েছে, তৃতীয় ধাপের এই প্রকল্পে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়া হবে। প্রকল্পটির বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন উল্লেখ করেন, কোভিড-১৯ দেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এই প্রকল্পটির মাধ্যমে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য উন্নত কর্মসংস্থান তৈরিতে নীতিসহায়তা গ্রহণে সরকারকে সহায়তা করবে।

বিশ্বব্যাংক আশা করছে নীতিসহায়তার প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ৫০ লাখ চাকরিজীবী উপকৃত হবে। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তাদের মজুরির ব্যবস্থা করা হবে। তাছাড়া যেসব প্রবাসী শ্রমিক করোনার কারণে দেশে এসে বেকার হয়ে পড়েছে তাদের ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার মতো কর্মসংস্থানে সহায়তা করা হবে।