ইত্তেফাক রিপোর্ট
মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতভাগ বোনাস দাবি করে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো লিখিত আবেদনে এই দাবি করা হয়। আবেদনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনি বলেন, সংশোধিত নতুন নীতিমালায় বোনাসের প্রসঙ্গটি আনা হলেও শতভাগ বোনাস দেওয়ার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়নি। এখন শতভাগ বোনাস দিতে হলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নতুন নির্দেশনা জারি করতে হবে। অথচ সামনেই ঈদ। এই পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিদ্যমান বোনাস বৈষম্য নিরসন করা জরুরি।
তিনি বলেন, ‘বিদ্যমান ব্যবস্থায় কর্মচারীরা ৫০ শতাংশ আর শিক্ষকরা পান ২৫ শতাংশ। এছাড়া সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যেসব মৌলিক বৈষম্য রয়েছে, তার নিরসনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে ই-মেইলের মাধ্যমে আবেদন জানিয়েছি। এর আগে শিক্ষামন্ত্রীর কাছেও আমরা লিখিত আবেদন করেছি।’
