মেট্রোরেলের সার্বিক অগ্রগতি ৬১.৪৯ শতাংশ :কাদের

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৪১

রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১ দশমিক ৪৯ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫২ শতাংশ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহকাজের সমন্বিত অগ্রগতি ৫২ দশমিক ২২ শতাংশ।

ওবায়দুল কাদের বলেন, গতকাল বুধবার ছয় কোচবিশিষ্ট প্রথম মেট্রোরেল সেট ঢাকার উত্তরা ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে। দ্বিতীয় মেট্রোরেল সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে গত বুধবার সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আশা করা হচ্ছে আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি দেশের মোংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছাবে। তৃতীয় ও চতুর্থ মেট্রোরেল সেটের শিপমেন্ট আগামী ১১ জুন ও ১৩ আগস্টের মধ্যে মোংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সেতুমন্ত্রী জানান, পঞ্চম ট্রেন সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ আগামী ১৬ জুলাই এবং বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর। পরে সেতুমন্ত্রী গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় যুক্ত হন।

এ সময় ওবায়দুল কাদের গোপালগঞ্জ জোনের প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলকে কেন্দ্র করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে আসা-যাওয়া করে। তাই জোনের অধীন সড়কগুলোকে সারা বছরই মেইনটেন ও মনিটরিং আরো জোরদার করতে হবে।