ঝিনাইদহে আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১২:৫৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়।

 

শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুব আলি জানান, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি এ রাজু ও ইউনিয়ন যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। রবিবার রাতে টি এ রাজুর সমর্থক আসাদকে মারধর করে উজ্জলের সমর্থকরা। এরই জের ধরে আজ সকালে উভয়পক্ষের লোকজন ঢাল শরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল  নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম