২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র কার্বন নিঃসারণ ৫০ শতাংশ কমাবে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই অঙ্গীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার জলবায়ু নিয়ে এক বৈশ্বিক সম্মেলনে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। খবর আলজাজিরা ও রয়টার্সের
দুই দিনব্যাপী ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ শীর্ষক সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘সময় খুব সংক্ষিপ্ত; কিন্তু আমি আশা করি আমরা কিছু করতে পারব।’ সম্মেলনে ৪০টি দেশের নেতারা অংশ নিচ্ছেন। এতে সভাপতিত্ব করবেন জো বাইডেন। যুক্তরাষ্ট্র আশা করছে, তাদের অঙ্গীকারে কার্বন নিঃসারণকারী অন্য দেশও উত্সাহিত হবে। বিশ্বে কার্বন নিঃসারণকারী দেশের মধ্যে চীনের পরই যুক্তরাষ্ট্রের অবস্থান; কিন্তু তা সত্ত্বেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিলেন। ক্ষমতায় এসে জো বাইডেন পুনরায় চুক্তিতে ফিরে আসেন। প্রেসিডেন্ট জো বাইডেন ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসারণ ৫০ থেকে ৫২ শতাংশ কমানোর লক্ষ্য স্থির করেছেন। প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউজে বলেছেন, এই দশকে জলবায়ু সংকট মোকাবিলায় অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাষ্ট্রের এই লক্ষ্যকে ‘গেম চেঞ্জিং’ বলে উল্লেখ করেছেন। একই সময়ের মধ্যে জাপান ৪৬ শতাংশ এবং কানাডা ৪০ থেকে ৪৫ শতাংশ কার্বন নিঃসারণ কমানোর অঙ্গীকার করেছে।
