সাভারে বিস্কুট দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০০:২৩

সাভারের ধরেন্ডা এলাকায় বিস্কুট দেওয়ার কথা বলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চা-বিক্রেতার বিরুদ্ধে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর বুধবার রাতে অভিযুক্ত সমর রোজারিওকে আটক করেছে পুলিশ। গত ১৫ এপ্রিল দুপুরে বিরুলিয়া ইউনিয়নের ধরেন্ডা গ্রামে অভিযুক্তের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সমর রোজারিও ধরেন্ডা এলাকার মৃত সিলভীস্টার রোজারিওর ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দুপুরে বাসার সামনে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় সমর রোজারিও শিশুটিকে চকলেট ও বিস্কুট খাওয়ানোর কথা বলে তার চায়ের দোকানে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিত্কার দিলে ভয়ভীতি দেখিয়ে দোকান থেকে তাড়িয়ে দেয়।

ভয়ে ভুক্তভোগী শিশু ধর্ষণের বিষয়টি গোপন রাখলেও পরের দিন সে তার মাকে ঘটনাটি খুলে বলে। পরে অভিযুক্ত সমর রোজারিওর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর রহমান জানান, শিশুকে ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর বুধবার রাতে সমর রোজারিওকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার  রোজারিওকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।