ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে উদ্যাপন

আইসিটি খাতে নারী জনশক্তি ৩০ শতাংশ —প্রতিমন্ত্রী পলক

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০০:২৩

দেশের আইসিটি খাতে নারী জনশক্তি ৩০ শতাংশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিগত সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের জন্য তথ্যপ্রযুক্তির সেবা প্রদানে প্রতিটি সেন্টারে একজন পুরুষের পাশাপাশি একজন করে নারী উদ্যোক্তাকে যুক্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ‘গার্লস ইন আইসিটি ডে’ উপলক্ষ্যে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারা বিশ্বের ১৭০টি দেশে ‘গার্লস ইন আইসিটি ডে-২০২১’ পালিত হচ্ছে।

অনুষ্ঠানটি মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নাধীন ও ইউএনডিপির সহায়তায় পরিচালিত এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, গ্রামীণফোন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অর্লা অ্যালিসিয়া মারফি ও গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ তানভীর হোসেন।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, সব জনগোষ্ঠীকে প্রযুক্তির সর্বোচ্চ ও যুগোপযোগী ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে এটুআই-এর আই-ল্যাব বা ইনোভেশন ল্যাব। আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প থেকে ইতিমধ্যে শুধু ইউনিয়ন পর্যায়ে ২০ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ‘শী পাওয়ার প্রকল্পের’ মাধ্যমে ২১টি জেলায় ১০ হাজার ৫০০ নারীকে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্লা অ্যালিসিয়া মারফি, সৈয়দ তানভীর হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাফিফা জামালের সঞ্চালনায় অনলাইন আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (ব্যাকো) সভাপতি ওয়াহিদ শরীফ, ব্র্যাক সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদ  প্রমুখ।