অপহরণের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৬:০৮

ঢাকার ধামরাইয়ে অপহরণের ৩ দিন পর পাঁচ বছরের শিশু মনিরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ অপহরণকারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ছোট আশুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মাজেদুল (২২) এবং কুল্যা গ্রামের আ. হামিদের ছেলে মানছুর (২২)।

আটককৃতদের স্বীকারোক্তি ও দেয় তথ্য মতে মঙ্গলবার সকালে ধামরাইয়ের ছোট আশুলিয়ার এক নির্জন স্থানে মাটির নীচে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মনির উপজেলার সদর ইউনিয়নের ছোট আশুলিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে।

আরো পড়ুন: মহাকাশে বিলাসবহুল হোটেল, ১২ দিনে ১৯২ বার দেখা যাবে সূর্যোদয়-সূর্যাস্ত!

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু মনির। পরে তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণের সূত্র ধরে পুলিশ দুইজনকে আটক করে। 

আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকালে শিশু মনিরের লাশ উদ্ধার করেন। শিশু মনিরের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, অপহরণকারী মাজেদুল এবং মানছুর গ্রেফতার হলেও মিশুর ছেলে রাব্বি এখনও গ্রেফতার হয়নি। মনিরকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ওসি দীপক চন্দ্র সাহা জানান, শিশু মনির অপহরণের ঘটনায় আমরা মাজেদুল  (২২) ও মানছুর (২২) নামে দুই অপহরণকারীকে আটক করেছি এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী ও স্বীকারোক্তিতে শিশু মনিরের লাশ উদ্ধার করেছি। অন্যান্যদের গ্রেফতার করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ