এদেশের সর্বাধিক দর্শকের তারকা মেহজাবীন

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:১৩

 

তানভীর তারেক

 

প্রত্যেকেরই একটি সুখসময় যায়। তারকাদের ক্ষেত্রে তো বটেই। সুখসময় বা লাইম লাইট, ক্রেজি টাইম যে ভাষায়-ই বলা হোক না কেন, সেই সময়টাকে সঠিকভাবে লালন করতেও জানতে হয়। মেহজাবীন সেই সময়কেই ঠিকঠাক লালন করতে জানেন। তাই নিজের এই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তাকে কখনোই বাহুল্য আলোচনায় আনেননি। গত প্রায় অর্ধযুগ ধরে শীর্ষ অভিনেত্রী এবং একইসঙ্গে সবচেয়ে চড়া মূল্যের অভিনেত্রী হিসেবে চাহিদাসম্পন্ন তারকার নাম মেহজাবীন। তার ক্যারিয়ারের টার্নিং নাটক হিসেবে ‘বড় ছেলে’কে অনেকে ধরলেও মেহজাবীন সেই লাক্স সুন্দরী থেকেই একটু একটু করে নিজেকে গড়ে তুলেছেন। প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা হলেও সুন্দরী প্রতিযোগিতার শীর্ষ মুকুট পরার পর যে একজন শিল্পী হিসেবে দায়িত্ব দাঁড়ায় তা দারুণভাবে মেনে চলেছেন তিনি। এ কারণেই মেহজাবীন অনন্যা।

এ সময়ের টিভি নাটক, ওয়েব সিরিজ, ইউটিউব নির্ভর প্রডাকশন বা বিজ্ঞাপনের যে কোনোটিতেই কোনো নির্মাতা-প্রযোজক মেহজাবীনকে পেলে আর দ্বিতীয় কারো কথা মাথায় আনেন না। অন্যদিকে প্রত্যেক অভিনেত্রী একটি নিজেস্ব ঢঙে সেরা পারফর্মেন্স দেন। মেহজাবীন সুচারুভাবে সেটিও ভেঙেছেন। বিভিন্ন চরিত্রে নিজেকে পর্দায় এনে দর্শক থেকে শুরু করে নির্মাতা-প্রযোজকদের এই আস্থাটুকুর নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। যেখানে মেহজাবীনকে নিয়ে যেকোনো চরিত্রে যেকোনো ধরনের কাজে তাকে ব্যবহার করা যায়। এর বাইরে বর্তমানে প্রচলিত ভিউগোনা যে চর্চা হয়েছে তাতেও মেহজাবীন অভিনীত নাটকের সংখ্যা একাধিক। বরং এক্ষেত্রে মেহজাবীনের রেকর্ড ভাঙাটাও অনেক কঠিন করে রেখেছেন তিনি নিজেই। একইসঙ্গে এই রেকর্ড তৈরির ক্ষেত্রে কোনোরকম শঠতার আশ্রয় নেননি তিনি। কোনো বিতর্কেরও প্রয়োজন পড়েনি। বর্তমানে ডাবল মিনিং ড্রামার মতো যে কয়েকটি পথে কিছু নির্মাতা হুলস্থুল করতে চাইছেন, মেহজাবীন নিজেকে খুব সচেতনভাবেই সেই পথ থেকে দূরে রেখেছেন। যদিও কান্নার হাহাকার গত কয়েক দশকে মেহজাবীনের মতো কেউ এতটা বেদনার্তভাবে দেখাতে পারেননি এটা ঠিক। এ বিষয়ে একটি ইন্টারভিউতে তিনি বলেছেন, ‘আপনারা শুধু আমার কান্নাটা দেখবেন না, অভিনয়টাও দেখুন।’

শুধু তাই অভিনয়ই নয়, যাপিত জীবনেও স্ক্যান্ডালবিহীন, নির্মাতাদের ভোগান্তিতে না রেখেও যে শীর্ষ অবস্থানে থাকা যায় দীর্ঘদিন, তার প্রমাণ করে যাচ্ছেন মেহজাবীন। এবারের ঈদে আমাদের কাছে যা প্রেস রিলিজ এসেছে তাতে সর্বাধিক নাটকে দেখা যাবে তাকে। তাই মেহজাবীন গত কয়েকবছর ধরে পা দেওয়া নবাগতদের কাছে অনন্য এক আদর্শের নাম হয়ে উঠেছেন।

করোনাকালীন সময়ে তৈরি মেহজাবীনের নিজেস্ব ইউটিউব চ্যানেলেও দারুণ ভিন্নতা দেখিয়েছেন তিনি। নিজের কুকিং ভিডিও বা ইন্টারভিউ সেশন, এমনকি দুবাইয়ের স্কাই ডাইভিংয়ের সাহসিকতার ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন মিলিয়ন দর্শক। এদেশের সর্বাধিক দর্শকদের ভালোলাগার, মুগ্ধতার জায়গায় বাস করছেন মেহজাবীন। তাই সকলেরই প্রত্যাশা ছোটপর্দা বিজয়ী মেহজাবীন অনায়াসেই বড়পর্দা জয় করবেন। দর্শকদের বাংলাদেশি ছবির প্রতি নতুন মুগ্ধতা তৈরি করবেন মেহজাবীন সেটিই চাওয়া হোক।