বালু উত্তোলনে ভাঙছে শঙ্খ নদের দুই পাড়

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:৪৯

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া এলাকায় শঙ্খ নদে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদের পাড় ভেঙে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতঘর। সরজমিনে বরুমচড়া এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়। এ সময় স্থানীয়রা জানায়, ঐ সিন্ডিকেট সাধারণ মানুষের চলাচলের রাস্তা ও বেড়িবাঁধ কেটে পাইপ বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করে যাচ্ছে। যার ফলে নদের তীরে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে বসানো ব্লকগুলোতে ফাটল দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অভিযানের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।