ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় হেরোইনসহ ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হাবিবুর রহমান লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও চরকুড়লিয়া গ্রামের ফরজ আলী মালিথার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের ইন্সপেক্টর মো. সানোয়ার হোসেন জানান, চর কুড়ুলিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তায় হাবিবুর রহমান হাবিবকে পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। জব্দ হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করে তাকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে। ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
