স্পোর্টস রিপোর্টার
লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর ওপর বেজায় ক্ষেপেছে প্রিমিয়ার লিগের চার ক্লাব। ৩০ এপ্রিল লিগের ফিরতি পর্বের খেলা শুরু হওয়ার ঘোষণায় আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বারিধারা ক্লাব অসন্তুষ্ট। তাদের কথা হচ্ছে বাফুফে জানিয়েছিল লকডাউন উঠে গেলে এক সপ্তাহ সময় দেবে প্রস্তুতি নেওয়ার। তারপর খেলা শুরু হবে। কিন্তু সেই কথা ভুলে গিয়ে ৩০ এপ্রিল খেলা শুরু ঘোষণা দিয়েছে লিগ কমিটি। এই চার ক্লাব মনে করছে তাদেরকে সময় দেওয়া হয়নি। সরকার লকডাউন তুলে নিয়েছে। এখন খেলোয়াড়দের আসতে বলা হলে তারা ক্লাবে ফিরতে ৩০ এপ্রিল হয়ে যাবে। তাহলে প্রস্তুতি ছাড়া মাঠে নামবে কীভাবে। এমন দুশ্চিন্তা চার ক্লাবকে ভাবিয়ে তুলছে। এটা নিয়ে এই চার ক্লাব আজ চিঠি দেবে বলে জানিয়েছে। ব্রাদার্সের ম্যানেজার আমের খান সংবাদ মাধ্যমকে বললেন, ‘আমরা কয়েকটি ক্লাব রেলিগেশন ফাইটে রয়েছি। এখন আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রস্তুতি ছাড়াই যদি এই সব ম্যাচ খেলতে নামি আমাদেরই ক্ষতি। এখানে শুধু ব্রাদার্সের স্বার্থই না সবার কথাই বলছি আমি।’
গতকাল ব্রাদার্স ইউনিয়নে দেখা গেল বিদেশি তিন জন ছাড়া দেশি খেলোয়াড়দের ক্যাম্প ফাঁকা। খেলোয়াড়রা ছুটিতে গেছেন। ব্রাদার্স ছাড়াও মুক্তিযোদ্ধা, আরামবাগ, বারিধারার ফুটবল ক্যাম্পও বন্ধ। এই চার ক্লাবের কথা হচ্ছে লকডাউনের পর এক সপ্তাহ সময় দেওয়ার কথা ছিল। তা না করে দ্রুত লিগ শুরু করার ঘোষণা দেওয়া হলো। সালাম কথা না রাখায় ক্ষুব্ধ এই চার ক্লাব। তাদের কথা হচ্ছে বড় ক্লাবগুলো ক্যাম্প চালিয়ে রেখেছিল তাদের অর্থ আছে। আর যারা ছোট ক্লাব তাদের অবস্থাটা ভেবে দেখা উচিত ছিল।
আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর কথাও একই সুর। বললেন, ‘আমাদের প্লেয়ার নেই। কর্মকর্তারাতো খেলবে না। ক্যাম্প ছুটি দেওয়া হয়েছে। তারা ফিরলে করোনা টেস্ট করব রিপোর্ট পাব তার পর অনুশীলন শুরু হবে। ম্যাচ খেলতে প্রস্তুতি থাকার প্রয়োজন আছে কি না, আপনিই বলেন।’ এই চার ক্লাবের ধারণা ১০ দিন খেলা হয়ে ঈদের ছুটি, এএফসির খেলা, জাতীয় দলের প্রস্তুতি এবং জাতীয় দলের খেলার কারণেও লিগ বন্ধ থাকবে তাহলে এভাবে খেলা শুরু করার মানে কী। ক্লাবগুলোর ধারণা বাফুফে জোর করে হলেও তাদের মাঠে নামিয়ে দেবে।
