রাঙ্গুনিয়ায় চোরাবালির গর্তে হাতি শাবকের মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:৫৪

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা বাগান এলাকায় চোরাবালির গর্তে পড়ে একটি বন্যহাতি শাবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙ্গুনিয়া রেঞ্জের বন কর্মীরা মৃত হাতি শাবকটিকে উদ্ধার করে মাটি চাপা দিয়েছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। স্থানীয়রা জানায় দলছুট হয়ে চা বাগানের নিকটে লট কোদালা মৌজার নুরহোসেন ঘোনা জঙ্গলে বন্যহাতির পুরুষ শাবকটি চোরাবালির গর্তে আটকা পড়ে। বন্যহাতির দল শাবকটি উদ্ধারের জন্য বুধবার দিবাগত রাতে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃহস্পতিবার বিকেলে মৃত হাতি শাবকটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়।

রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, কোদালা চা বাগান এলাকায় ২০টি হাতি দীর্ঘদিন ধরে দলবদ্ধভাবে অবস্থান করছে। লট কোদালা মৌজার পাহাড়ে হাতির দলের বিচরণের সময় বুধবার রাতে সম্ভবত পানি পান করার উদ্দেশ্যে দলছুট হয়ে শাবকটি পাহাড়ের নিচে চোরাবালির গর্তে গিয়ে আটকা পড়ে। শাবকটি দশমাস বয়সি হবে। বন্যহাতির দলের উদ্ধারের চেষ্টায় আরো ঝুঁকিতে পড়ে শাবকটির মৃত্যু হয়েছে।