করুণারত্নের সেঞ্চুরি, লঙ্কানদের দৃঢ় অবস্থান

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৪:১৭

শ্রীলঙ্কার পাল্লেকেলে টেস্টে প্রথম ইনিংসে করা বাংলাদেশের পাহাড়সম রানের সামনে লড়ছে স্বাগতিক শ্রীলঙ্কা। উইকেট আঁকড়ে ধরে তুলছে রান। তিন উইকেট হারানোর পর লড়াই চালিয়ে যাচ্ছেন দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। এরই মধ্যে নিজের টেস্ট ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি তুলে নিলেন এই ওপেনার।

বাংলাদেশের ইনিংস ঘোষণার পর স্বাগতিকদের পক্ষে ব্যাট হাতে নামেন দুই ওপেনার দিমুথ করুণারত্নে আর লাহিরু থিরিমান্নে। ইনিংসের শুরুতে টাইগার বোলারদের ঘাম ঝরিয়ে ছেড়েছে দুই ওপেনার। দুইজনের শক্ত জুটিতে রান এসেছে দ্রুত। মেহেদী হাসান মিরাজের বলে দলীয় ১১৪ রানের মাথায় এলবিডাব্লিউ হলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি থিরিমান্নে। এরপর দলীয় ১৫৭ রানের মাথায় তাসকিন আহমেদের গতির কাছে দিশেহারা হওয়া অসাধা ফার্নান্দো (২০) ক্যাচ দেন উইকেটের পেছনে থাকা লিটন দাসের হাতে।

তৃতীয় জুটি ভাঙে ৩৩ রান যোগ করে। করুণারত্নের সঙ্গে এঞ্জেলো ম্যাথিউসের জুটিটা থিতু হতেই তাইজুলের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় ম্যাথুসকে মাত্র ২৫ রান করে।

এই তিন ব্যটারকে ফেরানো গেলেও লঙ্কান অধিনায়ক করুণারত্নেকে কাবু করা যায়নি কোনোভাবে। তার ব্যাটিং দৃঢ়তায় লঙ্কানদের সংগ্রহ ছিল দিন শেষে ৩ উইকেটে ২২৯ রান। তৃতীয় দিনশেষে করুণারত্নে অপরাজিত ছিলেন ৮৫ রানে। চতুর্থ দিনের শুরুতেই তাই তুলে নিলেন নিজের টেস্ট ক্যারিয়ারের একাদশতম শতক। ২৫০ বলের দীর্ঘ এক ইনিংসে দলকে টেনে তুলেছেন এই দলনেতা। তার কাঁধে ভর করেই এখন স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটের বিনিময়ে ২৭১ রান।

এর আগে প্রায় আড়াই দিন ব্যাটিং করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল হক।

ইত্তেফাক/জেডএইচডি