লকডাউনে আর্থিক অনটনে পড়ে ঢাকার রাস্তায় রিকশা নিয়ে নামেন গুলশান থানা ছাত্রলীগের ১৯ নং ওয়ার্ডের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাওসার হাসান। সেই কাওসারকে চাকরি দিয়েছে দেশের শিল্প প্রতিষ্ঠান নাভানা গ্রুপ। সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান রুবেলের সুপারিশে তাকে চাকরি দেওয়া হয়।
নাভানা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রলীগ নেতার দুর্দশার বিষয়টি জানার পর কাওসার হাসানকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷ গ্রুপের ম্যানেজার কর্পোরেট এ্যাপেয়ার্স ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মামুন রহমান এ চাকরির ব্যবস্থা করে দেন। ১ মে থেকে নাভানা গ্রুপের চাকরিতে যোগদান করবেন তিনি।
চাকরি দেওয়ার বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান রুবেল বলেন, ছাত্রলীগের একজন কর্মীর এ দুর্দশা দেখে তার জীবিকার স্থায়ী একটা ব্যবস্থা করার চিন্তা থেকে এ কাজের উদ্যোগ নেই। দলের নেতা-কর্মীদের দুর্দশায় সংগঠনের প্রত্যেকের এগিয়ে আসা উচিত বলে জানান তিনি।
তিনি বলেন, ছাত্রলীগের একজন নেতা-কর্মী অসহায় অবস্থায় আছে, কিন্তু সভাপতি-সাধারণ সম্পাদক খোঁজ নেয় না, দলের কেউই খোঁজ রাখে না এটা তার প্রমাণ। ভাইরাল হওয়ার পর অনেকেই আর্থিকভাবে সহায়তার ঘোষণা দিয়েছে। এটা কোনো সমাধান নয়, আমি স্থায়ী অর্থ সংস্থানের ব্যবস্থা করতে চেয়েছিলাম। তাই কাওসারের চাকরির বিষয়টি নিশ্চিত করলাম।
এর আগে লকডাউনের মধ্যে রিকশা নিয়ে রাস্তায় নামায় এক হাজার টাকা জরিমানা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি বেসরকারি টেলিভিশনে তা প্রচারের পর নজরে আসে সবার।
ইত্তেফাক/জেডএইচডি
