রোগী বহনের আড়ালে অ্যাম্বুলেন্সে ইয়াবা ব্যবসার অভিযোগে চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া থেকে ইয়াবা ভর্তি অ্যাম্বুলেন্সসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মো. রাব্বি (২৭)। তিনি কুমিল্লা জেলার দক্ষিণের রাজাপাড়া গ্রামের ১৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল হাসেমের ছেলে। আটকের সময় তার কাছ থেকে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে অ্যাম্বুলেন্স চালক মো. রাব্বি পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তিনি অ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে এই ব্যবসা করছেন।
হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি খালি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে চকরিয়া অংশের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকা অতিক্রম করতে দেখলে তাতে সন্দেহ হয়। এসময় টহল পুলিশ ওই অ্যাম্বুলেন্সকে ধাওয়া করে আটক করে। গাড়িটির মালিক চালক রাব্বি নিজেই। পরে ব্যাপক তল্লাশি চালালে চালকের সিটের নিচে পাওয়া যায় প্লাস্টিক মুড়ানো ইয়াবার প্যাকেট। ওই প্যাকেট খুলে দেখা যায় ১২ হাজার ইয়াবা। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা হবে বলে জানায় পুলিশ।
আরো পড়ুন: খবর সংগ্রহে গিয়ে মুগদা হাসপাতালে হামলার শিকার দুই সাংবাদিক
ইয়াবাসহ গাড়িটি চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে জব্দ রয়েছে। এ ব্যাপারে চকরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ফাঁড়ির পরিদর্শক মো: সাইদুল ইসলাম।
তিনি বলেন, আমি চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির যোগদানের পর থেকে মাদক পাচারে রোধে জিরোটলারেন্স নীতিতে আটল থাকব মাদকের সঙ্গে কোন ধরনের আপোষ করব না। গত তিন মাসে ১৩টি মাদক মামলা দায়ের করেছি।
ইত্তেফাক/জেডএইচ
