ঢাকা চেম্বারের ওয়েবিনারে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
প্রথাগত শিক্ষাব্যবস্থায় পাঠদান শেষে শিল্প খাতের জন্য প্রয়োজনীয় দক্ষতা না থাকায় তরুণ সমাজ কর্মসংস্থানে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। আমাদের শিল্প খাতের বিশেষ করে নতুন প্রযুক্তি ব্যবহার ও ব্যবস্থাপনার জন্য বিদেশি নাগরিকদের ওপর প্রতিনিয়ত নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রচুর পরিমাণে দেশীয় মুদ্রা বাইরে দেশে চলে যাচ্ছে, যা বাংলাদেশের প্রবৃদ্ধির ধারাকে শ্লথ করে দিচ্ছে। গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘শিল্প ও শিক্ষা খাতের সমন্বয় : শিক্ষা খাতের ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারে এ কথা বলেন চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান।
তিনি বলেন, আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৪ কোটি ৪০ লাখ, যা এদেশের অর্থনীতি সম্প্রসারণে অত্যন্ত সহায়ক শক্তি, তবে এ শক্তিকে কাজে লাগানোর জন্য শিল্প খাতের চাহিদা মোতাবেক যুগোপযোগী শিক্ষা কার্যক্রম চালুকরণের বিষয়ে আমরা বেশ পিছিয়ে রয়েছি। এর ফলে কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগ আকর্ষণ ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে। তিনি শিক্ষা খাতের গবেষণা কার্যক্রমের জন্য শিল্প খাতের আর্থিক সহায়তাকে কর অব্যাহতি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর ফলে শিল্প খাতকে এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসাতে উত্সাহিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
ওয়েবিনারের নির্ধারিত আলোচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস্ (বিইউপি)-এর উপ-উপাচার্য এম আবুল কাসেম মজুমদার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উপাচার্য ড. কারম্যান জেড লামাগনা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বিশেষ উপদেষ্টা ও ডিন প্রফেসর ইমরান রহমান প্রমুখ অংশগ্রহণ করেন। এআইইউবিয়ের উপাচার্য ড. কারম্যান জেড লামাগনা বলেন, প্রয়োজনীয় দক্ষতার অভাবে শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ হচ্ছে না, এজন্য তিনি শিক্ষা ক্যারিকুলাম যুগোপযোগীকরণের পাশাপাশি কর্মক্ষেত্রে ভালো পরিবেশ নিশ্চিতকরণের আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণা কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদানে সরকারি ও বেসরকারি খাতকে এগিয়ে আসা প্রয়োজন। বিইউপির উপ-উপাচার্য এম আবুল কাসেম মজুমদার সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সিনেট ও সিন্ডিকেট সদস্য নির্বাচনে শিল্প খাতের প্রতিনিধিরা অন্তর্ভুক্তকরার প্রস্তাব করেন।
বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শিক্ষা ও শিল্প খাতের দীর্ঘমেয়াদী সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমাদের এ পথনির্দেশিকা অনুসরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়সমূহে ‘ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং’ কার্যক্রম চালু করার প্রস্তাব করেন তিনি। ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ ধন্যবাদ জ্ঞাপন করেন। ডিসিসিআই সহ-সভাপতি মনোয়ার হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ওয়েবিনারে যোগদান করেন।
