সড়ক দুর্ঘটনায় আট জনের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:২৭

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

জয়পুরহাট :জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, উপজেলার বটতলী নামক স্থানে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের বটতলী নর্দানমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাটারা গ্রামের আজিজার রহমানের ছেলে লিমন হোসেন ও একই গ্রামের রনি হোসেন।

সিংড়া (নাটোর) :সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক শিক্ষক। শনিবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া ফেরিঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমান ও বেলাল হোসেন। আহত অপর শিক্ষকের নাম আব্দুল হামিদ। মাদ্রাসার তিন শিক্ষক মোটরসাইকেলযোগে নাটোর থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুরাতন ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জন মারা যান। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

 চৌদ্দগ্রাম (কুমিল্লা) :চৌদ্দগ্রামে শনিবারর দুপুরে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম বাবু নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর দুই জন। নিহত ফিরোজ আলম বাবু নোয়াখালীর সেনবাগ উপজেলার বাবুপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার আলেখার চর এলাকা থেকে টিসিবির পণ্য নিয়ে ফিরোজ আলম বাবু পিকআপযোগে নোয়াখালী যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার পানসি হোটেলের সামনে পৌঁছলে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যান বের হতে গেলে পেছন থেকে পিকআপটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টিসিবির পণ্যের মালিক ফিরোজ আলম বাবু মারা যান।

মির্জাপুর (টাঙ্গাইল) :মির্জাপুরে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী দেলোয়ার হোসেন দেলুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কোদালিয়া জুই জ্যুতি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের জলিল মিয়ার ছেলে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন জানান, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী :রাজশাহীর পুঠিয়ায় প্রাইভেটকারের নিচে চাপা পড়ে কাভার্ড ভ্যানের হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে তেলপাম্পের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যানের হেলপার আব্দুল লতিফ নোয়াখালীর সেনবাগ থানার ইদলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। পবা হাইওয়ে শিবপুর ফাঁড়ির ইনচার্জ লুত্ফর রহমান জানান, হেলপার লতিফ কাভার্ড ভ্যান নিয়ে নোয়াখালী ফিরছিল। বানেশ্বরে একটি চায়ের দোকানে চা খেতে থেমেছিল। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা শিকার হন তিনি। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

জামালপুর: জামালপুর সদর উপজেলায় শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক জন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বামুনজি বিল এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে একটি মাইক্রোবাসচাপায় মোটরসাইকেল আরোহী শরীফ উদ্দিন (৩০) মারা যান। তিনি তিতপল্লা মধ্যপাড়া সরদারপাড়া গ্রামের মাওলানা নুর মোহাম্মদের ছেলে। নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান হাবিব জানান, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।