মানুষের চলাচলে সমস্যা
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা সদরের সঙ্গে মদন উপজেলা এবং কেন্দুয়া উপজেলার সংযোগ সড়ক এখন বেদখল হয়ে বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে। সড়কের ওপর সার্বক্ষণিক বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করা হচ্ছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। নেত্রকোনা শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই বাসস্ট্যান্ডের অবস্থান।
নেত্রকোনা-কেন্দুয়া এবং নেত্রকোনা-মদন সড়কের সঙ্গে হাওর উপজেলাগুলো এবং কিশোরগঞ্জ জেলায় যাওয়ার একমাত্র সংযোগ সড়ক এটি। বাস, ট্রাক, সিএনজিসহ বিভিন্ন যানবাহন এ সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে। পণ্য পরিবহনও চলছে। কিন্তু নেত্রকোনার কুড়পার এলাকায় বাস চলাচলের জন্য কোনো বাসস্ট্যান্ড গত ২০ বছরে নির্মাণ হয়নি। ফলে সড়ক দখল করে বেআইনিভাবে বাসগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানো ও নামানো হচ্ছে। এ সময় সড়কটিতে অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এই এলাকায় বাস করেন এমন একজন সুজাদুল ইসলাম বলেন, ‘সড়কের ওপর বাসগুলো দাঁড়িয়ে রাখা এবং যাত্রী ওঠানামা করায় জনদুর্ভোগ শুধু বাড়েনি, সাধারণের চলাচলেও সমস্যা হচ্ছে। এই এলাকায় একটি বাসস্ট্যান্ড এবং যাত্রী ছাউনি নির্মাণের জন্য পরিবহন মালিক সমিতি যেমন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে, তেমনি যাত্রীসাধারণও বারবার দাবি জানাচ্ছে। কিন্তু অদ্যাবধি কোনো কাজ হচ্ছে না।’
এ ব্যাপারে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সম্পাদক আরিফ খান জানান, তারা জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের নিকট বাসস্ট্যান্ড নির্মাণের জন্য বললেও কোনো কাজ হচ্ছে না।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, ‘বাসস্ট্যান্ড নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে, পাওয়া গেলেই নতুন বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। নেত্রকোনার মদন এবং কেন্দুয়ায় গমনকারী লোকজন সড়ক থেকে বাসস্ট্যান্ড সরানোর জন্য দাবি জানিয়েছেন।’
