উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়োগ দিন

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২২:৩১

২০১৮ সালে বিপুল সংখ্যক শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২০ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণযোগ্য প্রার্থীদের নিয়োগের সুপারিশ করেছিল। তবে দুঃখজনক ব্যাপার হলো, পুলিশ ভেরিফিকেশনের প্রায় দেড় বছর পার হলেও এখনো সুপারিশকৃত ১৬৫০ জনকে নিয়োগ দেওয়া হয়নি। এক বুক আশা নিয়ে এই মানুষগুলো বহুদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। পারিবারিক ও সামাজিক ভাবে হচ্ছেন হেয় প্রতিপন্ন। এঁদের অনেকেই আছেন যারা আগে অন্য চাকরি করতেন, কিন্তু কৃষি কর্মকর্তা হিসেবে মনোনীত হওয়ার পর সেগুলো ছেড়ে দিয়েছেন। কিন্তু নিয়োগ না হওয়ার ফলে তাঁরা সরকারি চাকরি পেয়েও বেকার জীবন পার করছেন! বিশেষ করে করোনাকালে তাঁরা পরিবারসহ দিশেহারা। দারিদ্র্য প্রবলভাবে আঁকড়ে ধরছে তাঁদের। অতএব, কৃষিকে মাঠ পর্যায় থেকে আরো সচল করতে ও সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে অতিদ্রুত তাঁদের নিয়োগ নিশ্চিত করতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জাফর আলী

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়