গণপরিবহন চালুর চিন্তা চলছে ----------ওবায়দুল কাদের

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০০:১১

চলমান লকডাউন শেষে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা সরকার করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। অবশ্য লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশে যে মিথ্যা প্রচারণা হচ্ছে, তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষক এই দেশের একটি রাজনৈতিক দল। অপপ্রচার আর গুজবের জন্য যাদের শাস্তির আওতায় আনা হয়, তাদের ব্যাপারে বিরোধীদল ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিরূপ সমালোচনা করে থাকে উল্লেখ করে তিনি বলেন, সাইবার ক্রাইম ও ডিজিটাল নিরাপত্তা সরকারের অ্যাকশনের বাইরে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, প্রতিদিন বিরোধীদল সরকারের বিরুদ্ধে যা তা বলে, প্রধানমন্ত্রীকেও ছাড়ছেন না, অশ্লীল ভাষা ব্যবহার করছেন। কিন্তু সেখানে কারো বিরুদ্ধে কি কোনো প্রকার হয়রানি বা গ্রেফতার করা হচ্ছে? সেতুমন্ত্রী ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল সড়কটি চার লেনে উন্নীতকরণের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া বিআরটিসি ও বিআরটিএকে দালাল চক্র থেকে মুক্ত রাখার নির্দেশ।