বিশ্ব অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার হবে

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০০:১৩

করোনা ভাইরাসের প্রকোপ থেকে বেরিয়ে আসার পর্যায়ে দ্বিতীয় কিংবা কোথাও তৃতীয় ঢেউ শুরু হওয়ায় বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার শ্লথ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে এমন শঙ্কার মধ্যেও আশার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপ। জরিপ প্রতিবেদনে বলা হয়, থমকে যাওয়া বিশ্ব অর্থনীতি এ বছর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াবে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের অর্থনীতির নেতৃত্বে বিশ্ব অর্থনীতির এই পুনরুদ্ধার প্রক্রিয়া গতি পেতে যাচ্ছে এবং এ বছর চীনের প্রবৃদ্ধির হারও করোনা ভাইরাস শুরুর আগের পর্যায়ে ফিরে যেতে পারে। এবং বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গতি ১৯৭০-এর দশকের পর সবচেয়ে দ্রুত হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের ৫০০ অর্থনীতিবিদের ওপর পরিচালিত জরিপের ফলের ভিত্তিতে রয়টার্সের এক প্রতিবেদনে এমন আশার কথা জানানো হয়।

টিকা দেওয়ার কার্যক্রম, তারল্যের যোগান, বিপুল বাজেট সহায়তা, যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপ এবং পরিস্থিতি অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রমের খাপ খাওয়ানোর ধারাবাহিকতা-মূলত দ্রুত অর্থনীতির গতি ফেরার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। অবশ্য জরিপে অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে আশার কথা বলা হলেও কর্মসংস্থান নিয়ে উলটো মত এসেছে। এতে বলা হয়, কর্মসংস্থান এগুবে ধীরে। যুক্তরাষ্ট্রে গত বছরের এপ্রিলের তুলনায় এ বছর কর্মসংস্থানের প্রবৃদ্ধির হারে সামান্য উন্নতি দেখা গেলেও করোনা পরিস্থিতির কারণে অনেককেই কর্মহীন থাকতে হতে পারে। বিচ্ছিন্ন লকডাউনের কারণে অর্থনীতির অনেক খাতেই এখনো প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়ে আছে।

গত মার্চ মাস জুড়ে চলা রয়টার্সের জরিপে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বাড়লে অর্থনীতির গতি হারানোর শঙ্কার প্রশ্নে বিভক্ত মত এসেছে অর্থনীতিবিদদের কাছ থেকে। তবে জরিপে অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশই বলছেন, চলতি বছর বিশ্বের ৪৪টি দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হতে যাচ্ছে। এই হার তিন মাস আগে পরিচালিত জরিপের চেয়ে বেশি। বৈশ্বিক অর্থনীতির এই ঘুরে দাঁড়ানোর প্রবৃদ্ধির হার গড়ে ৫ দশমিক ৯ শতাংশ হতে পারে, যা ১৯৭০-এর দশকের পর সবচেয়ে গতিময়।