স্পেনের মেজোরকা শহরের অন্তত ২২ জন মানুষের শরীরে ইচ্ছেকৃতভাবে মহামারি কোভিড-১৯ ছড়িয়ে দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সিম্পটম কাশি এবং শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ডিগ্রি ফারেনহাইট) বেশি থাকা সত্ত্বেও ৪০ বছর বয়সী ওই ব্যক্তি নিয়মিত কর্মস্থল এবং জিমে যাওয়া অব্যাহত রেখেছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ, কর্মস্থলে সে মাস্ক খুলে রাখতো। কাশি দিতো এবং সহকর্মীদের বলতো, সে তাদের মাঝে কোভিড-১৯ এর সংক্রমণ ছড়িয়ে দেবে।
পরবর্তীতে পাঁচজন সহকর্মী এবং একসঙ্গে জিম (শরীরচর্চা) করা তিনজনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত হওয়া বাকি ১৪ জন তার পরিবারের সদস্য। এর মধ্যে তিন ও এক বছরের শিশুও আছে।
শনিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে স্পেনের পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই আটককৃত ব্যক্তির শরীরে করোনার সিম্পটম ছিল। তবুও তিনি মেজোরকা শহরের কর্মস্থল থেকে নিজ বাড়িতে যেতে অস্বীকৃতি জানায়। সে পিসিআর টেস্ট (করোনা পরীক্ষা) করার পরপরই রিপোর্টের জন্য অপেক্ষা না করে কর্মস্থল এবং জিমে যোগ দেয়।
সহকর্মীরা এ নিয়ে সতর্ক করলেও জবাবে ওই ব্যক্তি বলতো, সবার মাঝে করোনার সংক্রমণ ছড়িয়ে দেবো, যোগ করে পুলিশ।
ইত্তেফাক/টিএ
