ফেসবুকে নিউজফিডে একটি ছবি দেখে চোখ আটকে গেল। শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে ছবিটি আপলোড করা হয়েছে। ছবিতে দেখা যায় একটি কাপড়ের দোকান, দোকানটির আয়তন খুব বেশি নয়, সেখানে গাদাগাদি করে ৭-৮ জন নারী কেনাকাটা করছেন। এদের মধ্যে কয়েকজনের মুখে মাস্ক আছে আর কয়েকজন মাস্ক বিহীন। খুবই গাদাগাদি করে কেনাকাটা করছেন। তাঁদের সঙ্গে একটা শিশুও আছে। জনগণের মধ্যে খুব বেশি সচেতনতা লক্ষ করা যায় না। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই অসচেতন। এরা নিজেদের পরিবার, আশেপাশের মানুষকে নিয়ে কখনো ভাবে না। হয়তো ইনারা কোভিড-১৯-এ আক্রান্ত হলে কিছু হবে না। কিন্তু যদি ইনাদের দ্বারা আশেপাশের বয়স্ক কেউ আক্রান্ত হয়? এখন বয়স্কদের পাশাপাশি যুবকরাও কোভিডে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। একজনের অসচেতনতা কয়েকজন সচেতন মানুষকে আক্রান্ত করার জন্য যথেষ্ট। অর্থাত্ সমাজে দশজন অসচেতন মানুষ থাকলে তারাই যথেষ্ট পুরো এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য। তাই লকডাউন উঠিয়ে নেওয়ার পর মানুষকে সচেতন আচরণ করতে হবে। পরিবার এবং নিজের কথা ভেবে সবসময় মাস্ক পরিধান করার বিকল্প নেই। সবাই ঠিকভাবে মাস্ক পরিধান করলে এ সংক্রমণ রুখে দেওয়া সম্ভব।
মো. ইসতিয়াক হোসেন
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়
