মহেশপুর সীমান্তে ফের বেড়েছে অবৈধ পারাপার

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২১:৫৯

করোনা সংক্রমণের শঙ্কা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে মানুষ পারাপার ফের বেড়েছে। ভারত থেকে মাদকও আসছে। করোনা সংক্রমণের মধ্যেও থামছে না মানুষ পারাপার। এতে সীমান্তবর্তী এ উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রায়ই অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিজিবির হাতে আটক হচ্ছে নারী-পুরুষ ও শিশু।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খানের পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, প্রায়ই বিভিন্ন সীমান্তে বিজিবির টহল দলগুলো অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অসংখ্য নারী-পুরুষ ও শিশুকে আটক করছে। জব্দ হচ্ছে মাদকও। প্রেস বিজ্ঞপ্তিতে ঐ কর্মকর্তা জানান, ২৪ এপ্রিল মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন জন পুরুষ, তিন জন নারী ও এক শিশুকে আটক করে বিজিবি, ১১ এপ্রিল বাঘাডাঙ্গা সীমান্তে এক জন পুরুষ, চার নারী ও এক জন শিশুকে, ৯ এপ্রিল মাটিলা সীমান্ত পথে এক জন পুরুষ, এক নারী ও দুই শিশুকে আটক করে বিজিবি। তাদের বাড়ি ভোলা জেলায়। এছাড়া ৮ এপ্রিল  সামন্তা বিওপির অধীন বাঁশবাড়িয়া থেকে দুই জন পুরুষ ও তিন নারীকে আটক হয়। তাদের বাড়ি নোয়াখালী, নারায়ণগঞ্জ ও যশোর জেলায়। ৭ এপ্রিল মাটিলা সীমান্ত থেকে পাঁচ নারী ও পাঁচ পুরুষকে আটক করে বিজিবি। তাদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ ও যশোর জেলায়। ২৬ মার্চ একই সীমান্ত পথে ভারত যাওয়ার সময় দুই নারী ও দুই পুরুষকে আটক করে বিজিবি, ২২ মার্চ মাটিলা সীমান্ত দিয়ে সীমান্তের ওপারে যাওয়ার সময় মাইলবাড়িয়া গ্রাম থেকে এক জন পুরুষ, এক নারী, এক শিশু ও দরবেশনগর থেকে আরো দুই নারী বিজিবির হাতে ধরা পড়ে। তাদের বাড়ি বাগেরহাট, গাজীপুর ও যশোর জেলায়। ২৩ মার্চ মাটিলা সীমান্তে ছয় পুরুষ, দুই নারী ও এক জন শিশুকে আটক করা হয়। তাদের বাড়ি বাগেরহাট, গোপালগঞ্জ, গাজীপুর ও বরিশাল জেলায়, ২১ মার্চ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় লেবুতলা গ্রাম থেকে সাত জন পুরুষ ও তিন জন নারী এবং এক শিশুকে, ১৬ মার্চ শ্যামকুড় বিওপির অধীন পদ্মপুকুর থেকে ১৪ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। একই দিন লেবুতলা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তিন পুরুষ ও এক নারীকে আটক করে বিজিবি। তাদের বাড়ি ঢাকা ও যশোর জেলায়। ১১ মার্চ সীমান্তবর্তী ভবনগর গ্রাম থেকে সীমান্ত পার হওয়ার সময় তিন জন নারীকে আটক করা হয়, একই দিন সলেমানপুর সীমান্ত পার হওয়ার সময় তিন পুরুষ, ছয় নারী ও এক জন শিশুকে আটক করে বিজিবি। তাদের বাড়ি ফরিদপুর জেলায়। একই দিন বাঘাডাঙ্গা সীমান্তে ছয় জন পুরুষ ও তিন নারীকে অটক করা হয়।

মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আটকদের বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, আগে ভারতে কাজ করত। ফিরে এসে বাড়িতে ছিল। ফের কাজের জন্য যাচ্ছে। আবার কেউ বলে, চিকিত্সার জন্য এবং কেউ বলে—আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছে। আটকদের মধ্যে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই রয়েছে। বিজিবির খালিশপুরের-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বলেন, সীমান্ত পথে অবৈধ পারাপার বন্ধে বিজিবি তত্পর আছে। তিনি আরো জানান, সীমান্ত এলাকা থেকে মাঝে মাঝেই বিজিবি মাদক উদ্ধার করছে। মাদক চোরাচালানিরা ধরাও পড়ছে।