পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০০

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফেরদৌসের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে বরিশাল-মির্জাগঞ্জ-বরগুনা মহাসড়কের বাকেরগঞ্জ জাহানারা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফেরদৌস বাকেরগঞ্জ পৌরসভার দক্ষিণ রুনসীর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরদৌস আরো দুই জন বন্ধু নিয়ে মোটরসাইকেলে ঘুরছিলেন। তারা কালিগঞ্জ থেকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে যাওয়ার পথে জাহানারা ক্লিনিকের সামনে এলে এক পথচারী বৃদ্ধ মুখোমুখি হলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীরা ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ফেরদৌস একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে মারা যান। একই এলাকার রকিবকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে পাঠানো হয়। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, পথচারীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের আরোহীরা দুর্ঘটনায় পতিত হয় এবং ঘটনাস্থলে এক জন নিহত হয়।