নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারের কার্যাদেশ বাতিল

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০০

কলমাকান্দা-দুর্গাপুর সড়ক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার কলমাকান্দা-দুর্গাপুর উপজেলা সড়কটির সংস্কার কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কটির সংস্কার কাজ শেষ করার জন্য ‘ডলি কনস্ট্রাকশন’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ পর্যন্ত ১৫ বার চিঠি প্রদান করা হলেও তারা যথাসময়ে কাজ শেষ করতে পারেনি। ফলে তাদের কার্যাদেশ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এই সড়কটি উন্নয়নের জন্য ২০১৮ সালের মে মাসে টেন্ডার আহ্বান করা হয় এবং আগস্ট মাস থেকে সড়কের সংস্কার কাজ শুরু করা হয়। ২০১৯ সালের মে মাসের মধ্যে সড়ক সংস্কারের কাজ শেষ হবার কথা ছিল।

এই ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. জামাল বলেন, তিনি সড়কটি সংস্কারকাজ শেষ করার জন্য সময় চেয়েছিলেন। কিন্তু সময় পাননি এবং কার্যাদেশও বাতিল করা হয়েছে। নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত কুন্ডু বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার কাজ শেষ করার জন্য চিঠি প্রদান করা হলেও তারা আর কোনো কাজ না করায় কার্যাদেশ বাতিল করা হয়েছে। এখন নতুন করে টেন্ডার প্রদান করে সড়কের সংস্কার কাজ শেষ করা হবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।