জয়পুরহাট প্রতিনিধি
আজ ২৬ এপ্রিল, জয়পুরহাটের ঐতিহাসিক ‘কড়ই-কাদিরপুর গণহত্যা দিবস। করোনা প্রাদুর্ভাবের কারণে এবার দিবসটি পালন উপলক্ষ্যে সংক্ষিপ্ত কর্মসূচি নেওয়া হয়েছে। ১৯৭১ সালের এই দিনে জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে সদর উপজেলার বন্বু ইউনিয়নের কড়ই ও কাদিরপুর গ্রাম দুটিতে পাকসেনারা মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যা করেছিল ৩৭১ জন নিরীহ হিন্দু ধর্মাবলম্বী গ্রামবাসীকে। নিহতদের অধিকাংশই মৃিশল্পের সঙ্গে জড়িত ছিলেন। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বধ্যভূমিতে স্থানীয় জেলা পরিষদের উদ্যোগে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও এ বর্বর গণহত্যার সঙ্গে জড়িত স্থানীয় দোসরদের বিচার হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জয়পুরহাট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বলেন, বর্তমান সরকারের আমলে এই নৃশংস হত্যাযজ্ঞের বিচার হবে বলে তিনি আশাবাদী।
