তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। আগুনে সেমিপাকা পাঁচটি কক্ষ, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ সব নথি পুড়ে ছাই হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হচ্ছেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা। সদস্য হচ্ছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ। পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
